বজ্রাঘাতে প্রাণ গেল কোরবানির গরুর, শরিকদের আহাজারি
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বজ্রপাতে একটি কোরবানির গরু মারা গেছে। ৭ শরিক মিলে গরুটি কোরবানি দেওয়ার কথা ছিল।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গরুটির দাম ২ লাখ টাকা বলে জানিয়েছেন মালিকপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের পরিচিত কুস্তিগির ওমর বলী ও তার পরিবারের অন্য সদস্যরা ৭ ভাগে কোরবানি দেওয়ার জন্য গরুটি কিনেছিলেন।
বিকেলে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে গরুটি গোয়াল ঘরে বাঁধা অবস্থায় বজ্রপাতে মারা যায়।
পরিবারের অন্য শরিকরা জানান, গরুটি ছিল তাদের কোরবানির প্রস্তুতির অন্যতম ভরসা। বজ্রপাতে গরুটির মৃত্যু হওয়ায় তারা আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়েছেন।
কুস্তিগির ওমর বলী বলেন, গরুটি আমাদের গোয়ালে বাঁধা ছিল।
বিকেলে বৃষ্টির সময় বজ্রপাতে গরুটি মারা যায়। আসলে ভাগ্যে যা আছে, তা-ই হয়েছে।
এদিকে, মৃত গরুটি কোরবানির শরিকরা রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে গর্তে পুঁতার একটি ভিডিও এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ঘটনার পর স্থানীয় লোকজন গরুটি দেখতে ভিড় করেন। অনেকেই পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এলাকাবাসী বলছেন, ঈদের আগে এমন ক্ষতি পরিবারটির জন্য অত্যন্ত কষ্টের। শরিক সদস্যরা হয়ত আরেকটি গরু কিনবেন, কিন্তু এই গরুটি বজ্রপাতে মারা যাওয়ার ঘটনার ক্ষত চিহ্ন রয়ে যাবে।