ব্রাহ্মণবাড়িয়ায় ফের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ফের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় ফের ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়ক ও রাধিকা-নবীনগর সড়কের রাধিকা এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

‘ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ’ ব্যানারে আয়োজিত এ মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান হৃদয়। পরে দুপুর ১২টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে ৪৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি এবং শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে স্লোগান দিচ্ছেন মিছিলকারীরা।

এর আগে, গত মঙ্গলবার সকালে জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার কোকিল টেক্সটাইল এলাকা থেকে সমাজসেবা অফিস পর্যন্ত ঝটিকা মিছিল বের করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।

সদর মডেল থানার ওসি শহীদুল ইসলাম বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ভিডিও পেয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”