ঈদের দিন পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর
ছবি: সংগৃহীত
ভোলার তজুমদ্দিন উপজেলায় পবিত্র ঈদুল আজহার দিনে পুকুরে ডুবে মেহেরাজ (০৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে শিশুটির পরিবারের ঈদ আনন্দ রূপ নিয়েছে বিষাদে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের পঞ্চায়েত বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
শিশুটি ওই একই বাড়ির বাসিন্দা এরশাদ আরমের ছেলে বলে জানা গেছে।
নিহতের স্বজনরা জানান, আজ ঈদের দিন সকালের দিকে শিশুটির পরিবারের সকল লোকজন ব্যস্ত ছিল এবং শিশুটির মা ঘরের কাজ করছিল। একফাঁকে পরিবারের অগোচরে সে বসতঘর থেকে বের হয়ে পাশে পুকুরে পড়ে যায়। এরপর দীর্ঘক্ষণ সময় শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। খোঁজাখুজির একপর্যায়ে বসতঘরের পাশের পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে তজুমদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিহত শিশুর পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।