অসুস্থ ও নিখোঁজ হাজিদের সেবায় সৌদির বিশেষ দল
ছবি: সংগৃহীত
মক্কা ও পবিত্র স্থানগুলোতে হজযাত্রীদের নিরাপত্তা, চিকিৎসা ও সহায়তা কার্যক্রম আরও জোরদার করেছে সৌদি আরব। অসুস্থ ও পথ হারানো হাজিদের শনাক্তে বিশেষ টিম গঠনের পাশাপাশি জরুরি চিকিৎসা, স্কাউট স্বেচ্ছাসেবক ও এয়ার অ্যাম্বুলেন্স সেবাও সম্প্রসারণ করা হয়েছে।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়, সৌদি পাসপোর্ট অধিদপ্তর হজ মৌসুমে মক্কা ও পবিত্র স্থানজুড়ে বিশেষ ফিল্ড টিম নিয়োজিত করেছে। এসব টিম হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি অসুস্থ হাজিদের পরিচয় শনাক্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করছে। একই সঙ্গে হারিয়ে যাওয়া হাজিদের পরিচয় যাচাইয়ে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ‘নুসুক কেয়ার’ উদ্যোগের সঙ্গেও কাজ করছে তারা।
কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক মোবাইল প্রযুক্তিসম্পন্ন ডিভাইস ব্যবহার করে ঘটনাস্থলেই হাজিদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে। মক্কায় অবস্থিত হজ ও ওমরাহ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে এসব কার্যক্রম তদারকি করা হচ্ছে।
এদিকে ‘ইয়াওমুত তারবিয়া’ উপলক্ষে মিনায় হাজিদের যাতায়াতে সহায়তা দিতে মাঠপর্যায়ের কার্যক্রম বাড়িয়েছে সৌদি অ্যারাবিয়ান স্কাউটস অ্যাসোসিয়েশন। সড়ক, করিডর ও তাঁবু এলাকায় স্কাউট সদস্যরা হাজিদের দিকনির্দেশনা, মানবিক সহায়তা এবং হারিয়ে যাওয়া ব্যক্তিদের তাদের দলের কাছে পৌঁছে দিতে কাজ করছেন।
এসপিএ জানায়, ৩৫০-এর বেশি স্কাউট ও স্কাউট নেতা মক্কা ও পবিত্র স্থানগুলোর সাতটি হাসপাতাল এবং সাতটি স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালন করছেন। তারা রোগী ও দর্শনার্থীদের চলাচল নিয়ন্ত্রণ, বয়স্ক হাজিদের সহায়তা এবং হুইলচেয়ারের মাধ্যমে রোগী পরিবহনে সহযোগিতা করছেন।
অন্যদিকে ঈদুল আজহা উপলক্ষে সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জরুরি চিকিৎসা সেবা সর্বোচ্চ প্রস্তুতিতে নিয়ে গেছে। বিশেষ করে ‘রমি জামারাত’ ও ‘তাওয়াফে ইফাদা’র সময় অতিরিক্ত চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হচ্ছে। এ জন্য স্থায়ী মেডিকেল সেন্টার, দ্রুত সাড়াদানকারী ইউনিট, মোটরসাইকেল অ্যাম্বুলেন্স ও পদচারণা টিম প্রস্তুত রাখা হয়েছে, যাতে ভিড়পূর্ণ এলাকায় দ্রুত রোগীদের কাছে পৌঁছানো যায়।
এ ছাড়া সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি হজ মৌসুমে জরুরি চিকিৎসা পরিবহনের জন্য চারটি পূর্ণাঙ্গ এয়ার মেডিকেল ইভাকুয়েশন উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে। এসব উড়োজাহাজ মাঠ হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও অ্যাম্বুলেন্স টিমের সঙ্গে সমন্বয় করে গুরুতর অসুস্থ হাজিদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করবে। প্রয়োজনে রোগীদের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরেও এগুলো ব্যবহার করা হবে।
সৌদি আরব জানিয়েছে, বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলোর একটি হজ পরিচালনায় এ বছরও কয়েক লাখ নিরাপত্তাকর্মী, চিকিৎসাকর্মী ও স্বেচ্ছাসেবক কাজ করছেন। হাজিদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সাম্প্রতিক বছরগুলোতে অবকাঠামো, জনসমাগম নিয়ন্ত্রণ ব্যবস্থা, জরুরি সেবা ও ডিজিটাল ব্যবস্থাপনাও সম্প্রসারণ করা হয়েছে। সূত্র: আরব নিউজ