আসছে ইমরোজ শাওনের ‘তোমার আমার প্রেম’
ছবি: সংগৃহীত
আসছে ইমরোজ শাওনের নির্মাণে ঈদ বিশেষ নাটক ‘তোমার আমার প্রেম’। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী।
ঈদের দিন (বৃহস্পতিবার) প্রকাশ পেয়েছে নাটকটির অফিশিয়াল ট্রেলার। আর সেই ঝলক দেখেই এখন নাটকটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছেন দর্শক। মুক্তি পাওয়া ট্রেলারের বিভিন্ন দৃশ্য ও লুকে ছোটপর্দার তারকাদের উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে।
নাটকটির গল্প আবর্তিত হয়েছে এক সময়ের সম্ভ্রান্ত খন্দকার বাড়িকে কেন্দ্র করে। যে বাড়ির সেই পুরনো জৌলুস এখন আর নেই, দেয়াল জুড়ে জমেছে শুধু শ্যাওলা। তবে সেই জীর্ণ বাড়িতে একমাত্র প্রাণ হিসেবে এখনও পুরনো ঐতিহ্যকে আঁকড়ে ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এক বৃদ্ধা, যার নাম নূরজাহান বেগম।
অর্ক মোস্তফার চমৎকার চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন নির্মাতা ইমরোজ শাওন।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা জানান, গল্পটির কেন্দ্রে নূরজাহান বেগম থাকলেও এতে ক্রমশ যুক্ত হতে থাকে তার বংশধররা। নূরজাহান চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান।
এছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপা খন্দকার, আজিজুল হাকিম, রোজী সিদ্দিকীসহ আরও অনেকে।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদের বিশেষ চমক হিসেবে থাকছে ‘তোমার আমার প্রেম’। খুব শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এই নাটকটি।