বিএনপি ক্ষমতায় থাকলে হিন্দু-খ্রিস্টানরা বেশি নিরাপদে থাকে

বিএনপি ক্ষমতায় থাকলে হিন্দু-খ্রিস্টানরা বেশি নিরাপদে থাকে

সংগৃহীত

‘বিএনপি ক্ষমতায় থাকলে দেশের হিন্দু ও খ্রিস্টান ধর্মের মানুষ সব চাইতে বেশি নিরাপদে থাকে। দেশনায়ক তারেক রহমান হিন্দু ও খ্রিস্টানসহ সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছেন।’

শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের গোল্লা, গোবিন্দপুর ও ময়মন্দি সর্বজনীন হরিসভা কমিটি ও গ্রামবাসীর পক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১ আসনের এমপি ও জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এসব কথা বলেন।

এ সময় এমপি হরিসভা মন্দিরটি পাকা ভবন করে দেওয়াসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তাবায়নের ঘোষণা দেন।

তিনি আরও বলেন, এ দেশে বিএনপি যতবার ক্ষমতায় এসেছে দেশের হিন্দু ও খ্রিস্টান ধর্মের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। সরকার ফ্যামিলি কার্ড, কৃষিকার্ডসহ বিভিন্ন প্রকল্প হাতে দিয়েছেন যাতে দেশের মানুষ ভালো থাকেন।

ধর্মীয় সম্প্রীতি রক্ষা করার কথা উল্লেখ করে আশফাক বলেন, বিএনপি ক্ষমতায় এসে মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের পুরোহিতদের রাষ্ট্রীয় সম্মানী দেওয়ার প্রকল্পও হাতে নিয়েছে। খুব শিগগিরই তা বাস্তবায়ন করা হবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই নিরাপদে দেশ পরিচালনা করছেন। শিশু ধর্ষণ করে কিছু অমানুষ সরকারের সুনাম নষ্ট করতে যাচ্ছেন- এজন্য সবাইকে সচেতন থাকতে হবে এবং ওই সব অমানুষদের ধরে আইনে হাতে দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দপুর ও ময়মন্দি সর্বজনীন হরিসভা কমিটির সভাপতি গৌতম কুমার দে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, বিএনপি নেতা হারুন অর রশিদ, পলাশ আহমেদ, মো. আলমগীর হোসেন, লেলিন আহমেদ রাসেল প্রমুখ।

শেষে গোল্লা, গোবিন্দপুর ও ময়মন্দি সর্বজনীন হরিসভা কমিটির নেতাদের হাতে মন্দিরের নতুন জমির কাগজ বুঝিয়ে দেন এমপি খন্দকার আবু আশফাক।