ঢাবি বিতর্কে ববি হাজ্জাজের ভুল ধরলেন সর্ব মিত্র চাকমা
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টার হিসেবে উল্লেখ করে করা মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্ব মিত্র চাকমা এক ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রীর মন্তব্যের সমালোচনা ও ভুল ধরে একাধিক বিষয় তুলে ধরেছেন।
সর্ব মিত্র চাকমা বলেন, ববি হাজ্জাজ এই বক্তব্য দিয়ে ৩টি ভুল করেছেন। ১. প্রতিমন্ত্রীর দায়িত্বে থেকে এ বক্তব্য তার সাথে মানানসই নয়। কারণ, যে সমালোচনা তিনি করেছেন সে দায় তার নিজেরও। উদাহরণ, দলীয় ভিসি নিয়োগ। ২. ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টারের সাথে তুলনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবে আঘাত করা। ৩. পাবলিক-প্রাইভেটের দ্বন্দ্ব উস্কে দিয়েছেন।
তবে তিনি মন্তব্য করেন, সবকিছুর ঊর্ধ্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি গভীর সংকটের ইঙ্গিত দেয়।
তার মতে, প্রতিমন্ত্রী যদি সমালোচনার জবাবে কিছু নীতিগত ঘোষণা দিতেন, তাহলে তা ইতিবাচক দিক তৈরি করতে পারত। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে, দলীয় প্রভাবমুক্ত প্রশাসনিক ও উপাচার্য নিয়োগ নিশ্চিত করা, উচ্চপদে নিয়োগে যোগ্যতাকে প্রাধান্য দেওয়া এবং গবেষণায় সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করে সুষ্ঠু বণ্টন ব্যবস্থা চালু করা।
এছাড়া তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জীবনমান উন্নয়ন, ক্লাস বাদ দিয়ে প্রাইভেট কোর্স নেওয়ার প্রবণতার মূল কারণ অনুসন্ধান এবং শিক্ষার্থীদের আবাসন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, শিক্ষক নিয়োগকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা এবং একটি কার্যকর শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা চালু করা প্রয়োজন।
তিনি প্রতিমন্ত্রীর উদ্দেশে বলেন, সমালোচনায় দমে না গিয়ে যদি এই ধরনের চারটি নীতিগত অবস্থান জোরালোভাবে উপস্থাপন করা হতো, তাহলে শিক্ষার্থীরা ভবিষ্যতে উপকৃত হতো।