রাজশাহীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত

রাজশাহীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত

সংগৃহীত

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। একই সঙ্গে মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

শনিবার (৩০ মে) সকালে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করা হয়।  দিবসটি উপলক্ষে দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এছাড়া রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈসাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলীসহ বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, দেশগঠন এবং জাতীয় উন্নয়নে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।  পাশাপাশি তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তার জ্যেষ্ঠ পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ, মানবিক, উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।