ঈদের ছুটিতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুসহ দুইজনের প্রাণহানি

ঈদের ছুটিতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুসহ দুইজনের প্রাণহানি

প্রতিকি ছবি

 

চট্টগ্রামের ফটিকছড়িতে লেকের পানিতে ডুবে যাওয়ার সময় বন্ধুর সন্তানদের উদ্ধার করতে গিয়ে মফিজ (৪০) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মুনতাহা ৪ বছর বয়সী এক শিশুও প্রাণ হারিয়েছে।

শনিবার (৩০মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু এলাকার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী মফিজ পাইন্দং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নুরুল ইসলাম হাবিলদার বাড়ীর আবুল কাশেমের ছেলে।

অন্যদিকে, শিশু মুনতাহা ফটিকছড়ি পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা নঈম উদ্দিন আজাদের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে পরিবার নিয়ে বন্ধু মফিজের ফার্মে বেড়াতে এসেছিলেন নঈম উদ্দিন আজাদ। বিকেলের দিকে নঈম উদ্দিনের তিন সন্তান মৎস্য প্রকল্পের লেকে রাখা প্লাস্টিকের তৈরি একটি ছোট নৌকায় চড়ে বেড়াতে থাকে। নৌকাটি লেকের মাঝখানে পৌঁছালে হঠাৎ ভারসাম্য হারিয়ে উল্টে যায় এবং তিন শিশু পানিতে ডুবে যেতে থাকে।

শিশুদের ডুবতে দেখে ফার্মের মালিক মফিজ তাৎক্ষণিকভাবে লেকের পানিতে ঝাঁপিয়ে পড়েন। তিনি দুই শিশুকে জীবিত উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হলেও শিশু মুনতাহা নিখোঁজ থেকে যায়। তাকে খুঁজতে মফিজ পুনরায় গভীর পানিতে ডুব দেন। দীর্ঘক্ষণ পানির নিচে অনুসন্ধানের একপর্যায়ে শ্বাস বন্ধ হয়ে তিনি নিজেই পানিতে তলিয়ে যান।

পরবর্তীতে স্থানীয়রা মফিজকে উদ্ধার করে দ্রুত উপজেলা সদরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার প্রায় দুই ঘণ্টা পর স্থানীয়রা লেকের পানি থেকে শিশু মুনতাহার নিথর দেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে