আওয়ামী লীগ প্রায় ছয় লাখ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে: গণপূর্ত মন্ত্রী

আওয়ামী লীগ প্রায় ছয় লাখ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে: গণপূর্ত মন্ত্রী

ফাইল ছবি

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের এমপি জাকারিয়া তাহের সুমন বলেছেন, আমরা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। মাত্র তিন মাস হয়েছে এ সরকারের আয়ু। আপনারা জানেন, আমাদের ব্যাংকে কোনো টাকা নেই। আওয়ামী লীগ প্রায় ছয় লাখ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে। কার টাকা? এগুলো আপনাদের টাকা। আপনারা ওনার জন্য দোয়া করবেন, যেভাবে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আল্লাহ যেন আমাদের কামিয়াব করেন।

 

শনিবার (৩০ মে) দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে বরুড়ার ঝলম স্কুল এন্ড কলেজ মাঠে এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ ক্যাম্পে বিভিন্ন এলাকার চারটি ইউনিয়নের প্রায় ৫ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধারণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। চিকিৎসাসেবা নিতে সকাল থেকেই নারী, পুরুষ ও শিশুদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ও অসচ্ছল মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম ও উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনিসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের জীবন সদস্য মোয়াজ্জেম হোসেন কল্লোল বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ হাজর মানুষ সেবা গ্রহণ করেছে। বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। যাদের অপারেশন প্রয়োজন তাদের বিনামূল্যে এ সেবা আমরা দিয়ে যাব৷ সুন্নাতে খৎনা চলবে আজ থেকে সাতদিন। বরুড়া পৌরসভাসহ ১৬টি ইউনিয়নে আমরা ধারাবাহিকভাবে এ সেবা দিয়ে যাব।