৭ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, অটোরিকশাচালক আটক

৭ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, অটোরিকশাচালক আটক

প্রতীকী ছবি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ৭ বছর বয়সী শিশুকে যৌন হয়রানির অভিযোগে মো. সোহেল (৩৫) নামে এক অটোরিকশাচালককে মারধর করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

রবিবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে শিশুটিকে যৌন হয়রানির অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

আটক সোহেল উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের সিদ্দিক উল্যার নতুন বাড়ির ছিদ্দিক উল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ভিকটিমের বাবা স্থানীয় একটি বাজার থেকে ১৫টি তালের ডাব কিনে নেন। পরবর্তীতে শিশুটিকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সোহেলের অটোরিকশায় তুলে দেয়।

একপর্যায়ে ভিকটিমকে বহনকারী অটোরিকশাটি ভিকটিমের বাড়ির সামনে পৌঁছালে একটি তালের ডাব পড়ে যায়। ওই অজুহাতে অটোরিকশাচালক শিশুটিকে যৌন হয়রানি করে। শিশুটির মা ঘটনাটি দেখতে পেলে অভিযুক্ত চালক পালিয়ে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযুক্ত চালককে নতুন বাজার এলাকা থেকে আটক করে স্থানীয়রা।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয়। এরপর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জানতে চাইলে সেনবাগ থানার ওসি আব্দুর রহিম সরকার জানান, অভিযুক্ত অটোরিকশা চালক বর্তমানে থানা হেফাজতে রয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।