ফিনল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের আগে শক্তির বার্তা জার্মানির

ফিনল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের আগে শক্তির বার্তা জার্মানির

সংগৃহীত ছবি

গতিময় ফুটবল আর চমৎকার ফিনিশিংয়ে ফিনল‍্যান্ডকে একরকম উড়িয়ে দিল জার্মানি। নজরকাড়া ফুটবলে নিজেদের সামর্থ‍্যের ঝলক দেখাল চারবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। বিশ্বকাপে খেলার আগে দেশের মাটিতে ইউলিয়ান নাগেলসমানের দল পেল সহজ জয়।

মাভে আরেনায় রবিবার (৩১ মে) রাতে ৪-০ গোলে জিতেছে জার্মানি। জোড়া গোল করেছেন ডেনিস উনডাফ। একবার করে জালের দেখা পেয়েছেন ফ্লোহিয়ান ভিয়েৎস ও জামাল মুসিয়ালা। প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ২২টি শট নেয় জার্মানি, এর ১২টি ছিল লক্ষ‍্যে। অন‍্যদিকে ফিনল‍্যান্ড সাত শট নিয়ে একটিও লক্ষ‍্যে রাখতে পারেনি।

আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকেই ফিনল‍্যান্ডকে চেপে ধরে জার্মানি। অষ্টম মিনিটে উনডাফের শট ঠেকিয়ে দেন সফরকারী গোলরক্ষক। চার মিনিট পর তিনি ব‍্যর্থ করে দেন মুসিয়ালার শট। আক্রমণের জোয়ারেও আসছিল না গোল। ২১তম মিনিটে ভিয়েৎস ও ছয় মিনিট পর উনডাভের আরেকটি শট ফেরান ফিনিশ গোলরক্ষক। ৩৪তম মিনিটে আর পারেননি তিনি। জসুয়া কিমিখের কর্নারে হেডে জাল খুঁজে নেন উনডাফ। এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব‍্যবধান বাড়ান ভিয়েৎস। ৪৮তম মিনিটে ডি বক্সে ফিনল‍্যান্ড একজন ডিফেন্ডারের ব‍্যকপাসে ছুটে গিয়ে দারুণ স্লাইডে বল বাড়ান উনডাফ। আলতো টোকায় বাকিটা সারেন লিভারপুল তারকা। ৯ মিনিট পর ব‍্যবধান আরও বাড়ান উনডাফ। ১৮ বছর বয়সী লেনার্ট কার্লের রক্ষণ চেরা পাসে ফিনিশ ডিফেন্ডারের চ‍্যালেঞ্জ এড়িয়ে জাল খুঁজে নেন ভিএফবি স্টুর্টগার্ট ফরোয়ার্ড। ৬৩তম মিনিটে স্কোর লাইন ৪-০ করে ফেলেন মুসিয়ালা। আলেকসান্ডার পাভলোভিচের কাছ থেকে বল পেয়ে বাকিটা সারেন বায়ার্ন মিউনিখ তারকা।

আক্রমণাত্মক ফুটবলে বাকি সময়ে আরও অনেক সুযোগ তৈরি করে জার্মানি। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কয়েক সেকেন্ডের মধ‍্যে দুইবার গোললাইন থেকে বল ফিরিয়ে ব‍্যবধান আরও বড় হতে দেননি ফিনল‍্যান্ডের মিরো তেনহো। আগামী রবিবার আরেকটি প্রীতি ম‍্যাচে যুক্তরাষ্ট্রে স্বাগতিকদের মুখোমুখি হবে জার্মানি। ১৪ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম‍্যাচে কুরাসাওয়ের খেলবে সাবেক বিশ্ব চ‍্যাম্পিয়নরা।