বগুড়ায় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক আটক

বগুড়ায় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক আটক

প্রতিকি ছবি

 

 

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ৯ বছর বয়সী মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. রাকিবুল ইসলাম (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) উপজেলার বাগবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাকিবুল ইসলাম উপজেলার বেজোড়া উত্তরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ভুক্তভোগী ওই ছাত্র স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং বেজোড়া উত্তরপাড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, শনিবার (৩১ মে) সকাল ১০টার দিকে ভুক্তভোগী তার বাবা-মায়ের সঙ্গে মাঠের কাজ শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্ত রাকিবুল ইসলাম তাকে আম কুড়ানোর কথা বলে নিজ বাড়িতে নিয়ে গিয়ে বলাৎকার করেন। পরবর্তীতে ভুক্তভোগীর শারীরিক সমস্যা দেখা দিলে সে তার মাকে বিষয়টি জানায়। পরে ভুক্তভোগীর বাবা শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে বাগবাড়ি এলাকা থেকে অভিযুক্ত মো. রাকিবুল ইসলামকে গ্রেফতার করে।

পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।