তাইওয়ানে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২
ছবিঃ রয়টার্স
মহড়া চলাকালে তাইওয়ানের একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।এ ঘটনায় বিমানে থাকা দুই পাইলট নিহত হয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আজ মঙ্গলবার মহড়ার সময় প্রশিক্ষণ বিমানের ইঞ্জিন বিকল হয়ে গেলে এই ঘটনা ঘটে।
মন্ত্রণালয় জানিয়েছে, টি-৩৪ বিমানটি সকাল ৮টা ৮ মিনিটে দ্বীপটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী কাওশিউংয়ের গাংশান বিমান ঘাঁটির রানওয়ের উত্তর প্রান্তে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ তদন্তের জন্য বিমানবাহিনী একটি টাস্কফোর্স গঠন করেছে। নিহত পাইলটদের শুধু তাদের পদবি ও উপাধি, লেফটেন্যান্ট কর্নেল লু এবং গুও দিয়ে শনাক্ত করা হয়েছে।
রাষ্ট্রপতি লাই চিং-তে এই প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত বলে জানিয়েছেন। তিনি পাইলটদের বীর হিসেবে বর্ণনা করেছেন এবং তাইওয়ানের প্রতি তাদের ত্যাগ ও নিষ্ঠার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এএফপি যোগাযোগ করলে বিমানবাহিনীর একজন মুখপাত্র এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানান।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুসারে, তাইওয়ানের বিমানবাহিনী তাদের পাইলটদের প্রশিক্ষণের জন্য প্রধান বিমান হিসেবে বিচক্র্যাফট একক-ইঞ্জিন প্রপেলার বিমান ব্যবহার করে।
বিমানগুলো ১৯৮৪ সালে প্রথম তাইওয়ানে সরবরাহ করা হয়েছিল। জানুয়ারিতে, একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় পূর্ব তাইওয়ানের উপকূলে একটি এফ-১৬ যুদ্ধবিমান সমুদ্রে বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে, পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।