কক্সবাজারে এনসিপি নেত্রীকে কারণ দর্শানোর নোটিশ
ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কক্সবাজার জেলা শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক নওশাবা মুকতার সিয়ামকে দলীয় ভাবমূর্তি ও সাংগঠনিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার (১ জুন) তাকে এ নোটিশ দেয় জেলা শাখার সাংগঠনিক শৃঙ্খলা কমিটি।
দলীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপির নেত্রী পরিচয়ে নওশাবা মুকতার সিয়ামের একটি ভিডিও কল নিয়ে একাধিক বিতর্কিত সংবাদ প্রকাশিত হয়।
এসব সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং দলের সাংগঠনিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছে দলটি।
এ বিষয়ে সাংগঠনিক শৃঙ্খলা কমিটির আহ্বায়ক মুহাম্মদ হোছাইনের স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, দলের একজন দায়িত্বশীল পদধারী হিসেবে তার কর্মকাণ্ড দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রত্যাশিত। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলির কারণে দলের সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে প্রাথমিকভাবে স্পষ্ট হয়েছে।
নোটিশে নওশাবা মুকতার সিয়ামকে নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে লিখিতভাবে সন্তোষজনক ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও উল্লেখ করা হয়।