‘ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা’ নিয়ে ফারুকীর পোস্ট
ছবি: সংগৃহীত
এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে আলোচিত ঘটনা ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটির প্রদর্শনী স্থগিত। এরইমধ্যে প্রতিবাদে সরগরম সামাজিক মাধ্যম। নেটিজেনদের অনেকে করছেন প্রতিবাদ। এবার নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা নিয়ে লিখলেন সামাজিক মাধ্যমে।
আজ মঙ্গলবার নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ফারুকী। সেখানে তিনি লিখেছেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা অনেক দেরিতে জানলাম। যাই হোক এটা একটা ফ্রিন্জ ইলেমেন্ট হইলেও এসব প্রশ্রয় দেওয়া উচিত না। কারও কাছে সিনেমা হারাম মনে হইলে সে দেখবে না। কিন্তু মুশকিল হইলো তার অপছন্দ যখন সে অন্যের ওপর চাপাইয়া বলতে চায় ‘তুমিও সিনেমা দেখতে পারবা না’!’
এরপর লিখেছেন, ‘বাংলাদেশের ধর্মীয় ক্যাম্পের কিছু মানুষ এইরকম উদ্ভট আচরণ করার মধ্য দিয়ে দেশকে বিতর্কিত করে, এমন কি তার ধর্মকেও বিতর্কিত করে। টেলিভিশন ছবিতে এই জিনিস ডিল করছিলাম ১৩ বছর আগে। ১৩ বছর পরে আইসা এই জিনিস শুনলে বিরক্ত লাগে।’
তার কথায়, ‘বাই দ্য ওয়ে, এটার জন্য সংস্কৃতি মন্ত্রীর কাছে সবাই ব্যাখ্যা চাইছে। বেচারা নিতাই বাবুর (নিতাই রায় চৌধুরী) হাতে যে সিনেমা নাই এটা অনেক ইনফর্মড লোকও জানে না। তবে তারা কমন সেন্স থেকে যে কালচারাল মিনিস্ট্রিকে অ্যাড্রেস করছে- এটা যথাযথ।’
সবশেষে এ নির্মাতা লেখেন, ‘এর আগেও বলছি, আমার নোট টু সাকসেসরেও বলছি, সিনেমা-ওটিটি-বিনোদন টিভি কোনোমতেই তথ্যে থাকা উচিত না। ইন্ডিয়া বাদে দুনিয়ার বেশিরভাগ দেশেই এটা কালচারেরই পার্ট। দ্রুত অ্যালোকেশন অব বিজনেসে পরিবর্তন আনা উচিত।’
নিজের পোস্টে ফারুকী ‘বনলতা এক্সপ্রেস’-এর নাম উল্লেখ না করলেও এটা স্পষ্ট যে ছবিটির প্রদর্শনী স্থগিত নিয়েই তার এই পোস্ট। কেননা এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে আলোচিত ঘটনা ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী স্থগিত। ফারুকী পোস্টে সিনেমার বিরুদ্ধাচারণের বিরুদ্ধে লিখেছেন। প্রকাশ করেছেন বিরক্তি।