তাপপ্রবাহে অতিষ্ঠ উত্তরাঞ্চলের জনজীবন, বিপাকে কৃষিশ্রমিকরা

তাপপ্রবাহে অতিষ্ঠ উত্তরাঞ্চলের জনজীবন, বিপাকে কৃষিশ্রমিকরা

ফাইল ছবি

 

টানা কয়েকদিনের তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে উঠেছে লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের জনজীবন। প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কৃষক ও কৃষিশ্রমিকরা। মাঠে কাজ করতে গিয়ে তারা টানা এক ঘণ্টাও টিকতে পারছেন না তারা। এতে প্রভাব পড়েছে তাদের দৈনিক আয়ে।

বর্তমানে রংপুর অঞ্চলের মাঠে বোরো ধান ও ভুট্টা কাটার শেষ পর্যায়ের কাজ চলছে। পাশাপাশি কাটা ফসল শুকিয়ে ঘরে তোলার কাজেও ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কিন্তু তাপপ্রবাহের কারণে কৃষিকাজে দেখা দিয়েছে ধীরগতি।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা চাঁপারতল গ্রামের কৃষিশ্রমিক এন্তাজ আলী বলেন, ‘এলাকায় কয়েকদিন আগেও টানা বৃষ্টির কারণে মাঠে নামতে পারিনি

এখন বৃষ্টি নেই, কিন্তু গত পাঁচ দিন ধরে এমন গরম পড়েছে যে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মাঠে টানা এক ঘণ্টা কাজ করলেই শরীর জ্বলে ওঠে। বাধ্য হয়ে গাছের নিচে গিয়ে বিশ্রাম নিতে হয়। ’

একই গ্রামের কৃষি শ্রমিক আলম মিয়া বলেন, ‘আমরা চুক্তিভিত্তিক জমিতে ধান ও ভুট্টা কাটার কাজ করি।

আবহাওয়া অনুকূলে থাকলে ছয়জনের একটি দল দুই ঘণ্টায় এক বিঘা ধান এবং তিন ঘণ্টায় এক বিঘা ভুট্টা কাটতে পারে। কিন্তু তীব্র গরমের কারণে এখন একই কাজ করতে প্রায় তিনগুণ বেশি সময় লাগছে। ফলে আয়ও কমে গেছে। মাঠে কিছুক্ষণ কাজ করলেই ছায়ায় গিয়ে বসতে হচ্ছে। ’

ওই উপজেলার চর গড্ডিগারী গ্রামের নারী কৃষি শ্রমিক আলেয়া বেগম জানান, তীব্র গরমের কারণে নারী শ্রমিকরা মাঠে বেশিক্ষণ কাজ করতে পারছেন না।

তাই বাড়িতে ধান ও ভূট্টা শুকানোর কাজ করছে। এজন্য অনেক কৃষক এখন দৈনিক মজুরির পরিবর্তে চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োগ করছেন।

সিঙ্গীমারী গ্রামের কৃষক সালাদ মিয়া বলেন, ‘ধান কাটতে শ্রমিক পাওয়া যাচ্ছে না। যারা আসছেন তারাও বেশিক্ষণ কাজ করতে পারছেন না। তারপরও অনেক শ্রমিক বাধ্য হয়ে মাঠে কাজ করছেন। তাদের কেউ কেউ অসুস্থও হয়ে পড়ছেন। ’

রংপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বুধবার সকালে রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ৬ দিন ধরে এ অঞ্চলের তাপমাত্রা ৩৬ দশমিক ৬ থেকে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গত বছরের একই সময়ে তাপমাত্রা ছিল ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।  

তিনি বলেন, বৃষ্টিপাত না হওয়া এবং বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় গরমের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। দ্রুত বৃষ্টি না হলে তাপপ্রবাহের প্রভাব কৃষি উৎপাদন ও জনজীবনের ওপর আরও বাড়তে পারে।

রংপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘মাঠে এখনও ২৫ থেকে ৩০ শতাংশ ধান ও ভুট্টা রয়েছে। কৃষক ও কৃষিশ্রমিকরা তাপপ্রবাহ উপেক্ষা করে ফসল কাটার কাজ চালিয়ে যাচ্ছেন। শ্রমিকদের দুপুরের প্রখর রোদ এড়িয়ে কাজ করা, পর্যাপ্ত পানি পান করা এবং প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় মাঠে অবস্থান না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ’