নারায়ণগঞ্জে আধুনিক পানি শোধনাগার স্থাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জ নগরীতে নিরাপদ, নিরবচ্ছিন্ন ও টেকসই পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আধুনিক পানি শোধনাগার স্থাপনের উদ্যোগ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুরে নগর ভবনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানের সঙ্গে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সম্ভাব্য প্রকল্প বাস্তবায়ন, সমঝোতা স্মারক স্বাক্ষর এবং নগরীর ক্রমবর্ধমান পানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে বিদ্যমান পানি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা এবং নিরাপদ পানির উৎস নিশ্চিত করার বিষয়গুলোও গুরুত্ব পায়।
আলোচনায় জানানো হয়, বর্তমানে নারায়ণগঞ্জ নগরীতে দৈনিক প্রায় ১২ কোটি লিটার পানির চাহিদা রয়েছে। নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের ফলে ভবিষ্যতে এ চাহিদা বেড়ে দৈনিক প্রায় ৫১.২ কোটি লিটারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বাস্তবতায় আধুনিক পানি শোধনাগার স্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
সভায় প্রকল্পের কারিগরি, আর্থিক ও বাস্তবায়ন কাঠামো নিয়ে প্রাথমিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জের পানি সরবরাহ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে এবং ভবিষ্যৎ চাহিদা মোকাবিলায় একটি টেকসই ভিত্তি তৈরি হবে।
সভায় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম। পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের পক্ষে উপস্থিত ছিলেন হান কোন ও মোহাম্মদ মকবুল হোসেন।