নারায়ণগঞ্জে পানিতে ডুবে সহোদর দুই শিশুর মৃত্যু
ফাইল ছবি।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে পুকুরে গোসলে নেমে সহোদর ২ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে আড়াইহাজারের হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রূপগঞ্জের কাঞ্চন এলাকার ব্যবসায়ী আবু সিদ্দিকের ছেলে আকিবুল (১১) ও তার ছোট ভাই সাফওয়ান (৭)। আকিবুল স্থানীয় একটি হেফজ মাদরাসার ছাত্র ও সাফওয়ান স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে দুই সহোদর নানা তাজুলের বাড়িতে বেড়াতে আসে। এদিন দুপুরে তারা দুই ভাই একত্রে নানার পুকুরে গোসল করতে যায়। এ সময় এক ভাই তলিয়ে গেলে অন্য ভাই তাকে তুলতে যায়। এতে দুই ভাই একত্রে পানিতে ডুবে যায়।
পরে স্বজনরা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মোশারফ ঘটনা নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের সদস্যদের নিকট দিয়ে দেওয়া হয়েছে।