মেঘনা টোলপ্লাজায় লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ৪টি গাড়ি

মেঘনা টোলপ্লাজায় লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ৪টি গাড়ি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় একটি দ্রুতগতির লরির ধাক্কায় অন্তত ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকামুখী লেনের উপর দিয়ে বেপরোয়া গতিতে আসা একটি লরি টোলপ্লাজা পার হওয়ার সময় হঠাৎ ব্রেক ফেল করে।

এতে লরিটি তার সামনে থাকা একটি মাইক্রোবাস, তিনটি প্রাইভেটকার ও একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। লরির তীব্র ধাক্কায় মুহূর্তের মধ্যে যানবাহনগুলো দুমড়ে-মুচড়ে যায় এবং এসময় বিভিন্ন গাড়িতে থাকা অন্তত ছয়জন আহত হন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চলন্ত লরিটি ব্রেক ফেল করায় সামনে থাকা তিনটি প্রাইভেটকার, একটি মাইক্রোবাস এবং একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রতিটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনায় ৫ থেকে ৬ জন আহত হওয়ার খবর আমরা পেয়েছি। তবে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা বা স্বজনরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ায় সেখানে কাউকে পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।