‘টপ গান: ম্যাভেরিক’ অভিনেতাকে খুন, প্রেমিকার ছেলে গ্রেপ্তার

‘টপ গান: ম্যাভেরিক’ অভিনেতাকে খুন, প্রেমিকার ছেলে গ্রেপ্তার

ফাইল ফটো

হলিউড সিনেমা ‘টপ গান: ম্যাভেরিক’ খ্যাত প্রবীণ অভিনেতা জেমস হ্যান্ডি খুন হয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে নিহত হন ৮১ বছর বয়সী এই অভিনেতা। এ ঘটনায় অভিনেতার প্রেমিকার ৪৪ বছর বয়সী ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) জানিয়েছে, বুধবার ক্যালিফোর্নিয়ার টারজানায় নিজের বাড়ির সামনের বাগানে অচেতন অবস্থায় পাওয়া যায় জেমস হ্যান্ডিকে। তার বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পরে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। 

এ ঘটনায় হত্যাকারী সন্দেহে মাইকেল গ্লেডহিল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি নিহত অভিনেতার প্রেমিকার ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করে এক ব্যক্তি ‘অজানা সমস্যা’র কথা জানান। সেই কলদাতা নিজেকে অভিযুক্ত হিসেবে পরিচয় দিয়ে বলেন, আমি ঈশ্বরের পুত্র, আমি পাপের মানুষটিকে হত্যা করেছি। 

এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হ্যান্ডির মরদেহ উদ্ধার করে।

নিউইয়র্কে জন্ম নেওয়া জেমস হ্যান্ডি প্রায় ছয় দশক ধরে চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করেছেন। বেশিরভাগ সময় তিনি পার্শ্বচরিত্র বা অতিথি শিল্পী হিসেবে কাজ করলেও দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় প্রযোজনায় অভিনয় করেছেন। 

‘টপ গান: ম্যাভেরিক’ ছাড়াও ‘জুমানজি’, ‘লোগান’, ‘এনওয়াইপিডি ব্লু’, ‘ল অ্যান্ড অর্ডার’, ‘সিএসআই: নিউইয়র্ক’, ‘ক্যাসেল’, ‘এনসিআইএস’, ‘দ্য ওয়েস্ট উইং’, ‘দ্য এক্স-ফাইলস’ এবং ‘মার্ডার, শি রোট’-এর মতো জনপ্রিয় ছবি ও টেলিভিশন সিরিজে তাকে দেখা গিয়েছে।

হ্যান্ডির সর্বশেষ চলচ্চিত্র ছিল ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘টপ গান: ম্যাভেরিক’। ব্লকবাস্টার এই ছবিটিতে তিনি জিমি নামের এক বারটেন্ডারের চরিত্রে অভিনয় করেন।