বিপদের সময় যেসব দোয়া পড়বেন

বিপদের সময় যেসব দোয়া পড়বেন

প্রতীকী ছবি

জীবনে চলার পথে মানুষ নানা বিপদ-আপদের সম্মুখীন হয় । এতে ধৈর্য ধারণ ও আল্লাহর সাহায্য প্রার্থনা মুমিনের কর্তব্য।

কেননা আল্লাহই আমাদের চূড়ান্ত ভরসাস্থল। তাইতো কোরআনে আল্লাহ তাআলা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে বলেছেন। আল্লাহ বলেন, ‘আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যদের ওপর কঠিন।

(সুরা : বাকারা, আয়াত : ৪৫)

মহানবী (সা.) যখনই কোনো বিপদের আভাস পেতেন তখনই তিনি নামাজ ও দোয়ায় মশগুল হয়ে পড়তেন। একাধিক সহিহ হাদিসে মহানবী (সা.)-এর এই অভ্যাসের কথা বর্ণিত হয়েছে। সাহাবি হুজাইফা (রা.) বলেন, মহানবী (সা.) কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজে দাঁড়িয়ে যেতেন। (আবু দাউদ, হাদিস নং : ১৩১৯)

তাই বিপদ-আপদে একজন মুমিনের সর্বত্তোম করনীয় হলো-বিপদ থেকে উত্তরণের বিভিন্ন উপায় অবলম্বনের পাশাপাশি হাদিসে বর্ণিত দোয়াগুলোতে অভ্যস্থ হওয়া।

কেননা দোয়াই হলো মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার। বিপদের সময় পঠিতব্য কিছু দোয়া হলো-

১. বিপদে সহজতার দোয়া

اللَّهمَّ لا سَهْلَ إلَّا ما جعَلْتَه سَهلًا وأنتَ تجعَلُ الحَزْنَ سَهلًا إذا شِئْتَ 

উচ্চারণ : আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা, ওয়া আন্তা তাজআলুল হাজানা সহলান ইজা শিতা।

অর্থ : হে আল্লাহ, আপনি যা সহজ করেন, তা ছাড়া কিছুই সহজ নয়। আপনি চাইলে কঠিন বিপদকেও সহজ করতে পারেন। (সহিহ ইবনে হিব্বান, হাদিস নং : ৯৭৪)


২. বিপদে আল্লাহকে সঙ্গি বানানোর দোয়া

حَسۡبِیَ اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ عَلَیۡهِ تَوَکَّلۡتُ وَ هُوَ رَبُّ الۡعَرۡشِ الۡعَظِیۡمِ 

উচ্চারণ : ‘হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আলাইহি তাওয়াক্কালতু, ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম।

অর্থ : আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোন ইলাহ নেই। আমি তাঁরই ওপর ভরসা করেছি আর তিনিই আরশের রব। (সুরা : তাওবা, আয়াত : ১২৯)


৩. বিপদে আল্লাহর সাহায্য প্রার্থনা করে দোয়া

يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ، وأَصْلِحْ لي شَأْنِي كُلَّهُ وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ أبدا 

উচ্চারণ : ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু, বিরাহমতিক আস্তাগিস, ওয়া আসলিহ লি শাআনি কুল্লাহু, ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনিন আবাদা।

অর্থ : হে চিরস্থায়ী, সব কিছুর ধারক ও রক্ষাকর্তা! আমি আপনার করুণার মাধ্যমে সাহায্য চাই; আমার সব সমস্যা মিটিয়ে দিন এবং এক পলকের জন্যও আমার ভার আমার নিজের ওপর দেবেন না।’ (সুনানে নাসায়ি, হাদিস নং : ১০৪০৫)