জঙ্গলের মিলল নিখোঁজ রাজমিস্ত্রির মরদেহ
প্রতিকি ছবি
বরিশালের গৌরনদীতে নিখোঁজ রাজমিস্ত্রির মরদেহ বাড়ির পাশের জঙ্গলের মধ্যে পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে উপজেলার পশ্চিম খাঞ্জাপুর গ্রামের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত যুবক মো. রেজাউল হাওলাদার (২০) পশ্চিম খাঞ্জাপুর গ্রামের বাসিন্দা।
গৌরনদী মডেল থানার ওসি জানান, গত শুক্রবার সকালে রেজাউলের স্ত্রী তার বাবার বাড়িতে চলে যায়। ওইদিন রাতে মায়ের সঙ্গে রাগ করে বাসা থেকে বের হয় রেজাউল। এরপর আর বাসায় ফিরেনি। রবিবার সকাল সাড়ে সাতটার দিকে পাশে একটি জঙ্গলের পুকুরে রেজাউলের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ওসি জানান, রেজাউলের শরীরে কোন জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।