মেহেন্দিগঞ্জে গজারিয়া নদীতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু
প্রতিকি ছবি
বরিশালের মেহেন্দিগঞ্জে গজারিয়া নদীতে ডুবে আব্দুর রহমান (১৩) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত আব্দুর রহমান বরিশাল নগরীর কাশিপুর এলাকার বাসিন্দা মো. মাছুমের ছেলে। পরিবারসহ তিনি ঢাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহমান পরিবারের সদস্যদের সঙ্গে মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে তার নানা বাড়িতে বেড়াতে এসেছিলেন। এ সময় পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ির পাশের গজারিয়া নদীতে গোসল করতে নামেন তিনি। তবে নদীতে প্রবল স্রোতের কারণে মুহূর্তেই পানির নিচে তলিয়ে যান।
এদিকে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর শনিবার বিকালে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ এনামুল হক জানান, সকালে পরিবারের সঙ্গে নানা বাড়িতে আসার পর কাউকে কিছু না জানিয়েই নদীতে গোসল করতে যায় আব্দুর রহমান। খোঁজাখুঁজির একপর্যায়ে নদীর পাড়ে তার জুতা পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাঁতার না জানার কারণেই তিনি পানিতে ডুবে যান।