সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ১৯

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ১৯

প্রতিকি ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে মাদক, ডাকাতির প্রস্তুতি, চুরি, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অভিযানে ১৫০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও ১৭৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। গত ৭ জুন রাত থেকে ৮ জুন ভোর পর্যন্ত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করা হয়।

মাদক মামলায় গ্রেপ্তাররা হলেন- মিজমিজি আব্দুল আলীপুল এলাকার রোস্তম আলী (৫০), বিজয় প্রকাশ মন্টু (২২), পাইনাদী তালতলা শাহি মসজিদ এলাকার আরিফ হোসেন (২০), পটুয়াখালীর মরিচ বুনিয়া এলাকার মিলন হোসেন (২৫), টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার চৌরাস্তা এলাকার শান্ত (২৫), বন্দরের শহিদনগর এলাকার শ্রাবন্তী (২১) এবং সিদ্ধিরগঞ্জের আটি ফকির বাড়ি এলাকার আবু তাহের বেংগা (৩৫)।

এছাড়া, ডাকাতির প্রস্তুতির অভিযোগে মিজমিজি টিসি রোড এলাকার রাজন (৩২) এবং নেত্রকোনার লিপসা থানার ফতুয়া এলাকার আরিফুল হাসান আলভীকে (১৯) গ্রেফতার করা হয়েছে।

নারী ও শিশু নির্যাতন মামলায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার খলকাড়ী এলাকার রুবেল (৩৬) এবং চুরি মামলায় সানারপাড় এলাকার হাসান মৃধা (৩৪) ও কুমিল্লার খেতাসার এলাকার সাইদুল ইসলাম শাকিলকে (২২) গ্রেফতার করা হয়।

অন্যদিকে, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আদমজী সোনামিয়া মার্কেট এলাকার জুবায়ের (২৭), কদমতলী নয়াপাড়া এলাকার কাইয়ূম ইসলাম (২২), সুমিলপাড়া এলাকার শিপন (২৯), সিদ্ধিরগঞ্জ পুল চাঁন টাওয়ার এলাকার রনি মিয়া (২৫), মিজমিজি উত্তরপাড়া এলাকার হাফিজুল ইসলাম (২৮) এবং চিশতিয়া বেকারি মৌচাক এলাকার তাইজুল ইসলামকে (৩৪) গ্রেফতার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, মাদক, সন্ত্রাস, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।