বিমানবাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ
সংগৃহীত
বাংলাদেশ বিমানবাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের (জেসিএসসি) সনদপত্র বিতরণ করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারে সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এয়ার অধিনায়ক (এয়ার কমান্ড অপারেশন সেন্টার) এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের সনদপত্র ও ট্রফি প্রদান করেন।
কোর্সে সেরা নৈপুণ্যের জন্য বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার আহমদ মুসাকে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ প্রদান করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে উত্তীর্ণ সব কর্মকর্তাকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, ওই কোর্সে দেশ ও বিদেশের বিমানবাহিনীর ৫৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের তাদের অর্জিত কর্মলব্ধ জ্ঞান দ্বারা সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ এবং নির্দেশনামূলক দায়িত্ব পালনে পারদর্শী করে তুলতে এ কোর্সটি বিশেষভাবে সজ্জিত করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বিমান সদরসহ অত্র ঘাঁটির সব ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক এবং কক্সবাজারের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।