ব্রাজিল সমর্থক দলকে ২-১ গোলে হারাল আর্জেন্টিনা
সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে মাদারীপুরের শিবচরে অনুষ্ঠিত হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের এক প্রীতি ফুটবল ম্যাচ।
স্থানীয় সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়াড়দের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে শিবচর উপজেলার হাতিরবাগান মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা দেখতে দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শক মাঠে আসতে শুরু করেন। শিশু-কিশোরসহ নানা বয়সী দর্শকদের উপস্থিতিতে গ্যালারী ও মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
একদিনের এই খেলায় ব্রাজিল সমর্থকদের ২-১ গোলে হারিয়ে জয়লাভ করে আর্জেন্টিনা সমর্থক দল। প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলের পক্ষে খেলার প্রথমার্ধে নাহিদ একটি গোল করেন। পরে আর্জেন্টিনার পক্ষে পেলান্টিতে খেলোয়াড় তপু একটি গোল করে খেলা সমতায় ফিরিয়ে আনেন। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা সমর্থকদের পক্ষে সুজয় একটি গোল করে দলকে জয়ের দিকে নিয়ে যায়।
ফুটবলপ্রেমি সাইফুল ইসলাম আকাশ বলেন, ‘খেলার এতো সুন্দর আয়োজন দেখে খুশি হয়েছি। খুবই ভাল লাগছে। সত্যিই ফুটবল ম্যাচটি অসাধারণ ছিল।’
আরেক দর্শক ও শিক্ষার্থী স্বর্ণা ইসলাম বলেন, ‘ভাইয়ের সাথে মাঠে খেলা দেখতে এসেছি। দুইদলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে খেলা শেষ হয়েছে। খুব আনন্দ পেয়েছি।’
ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজন বলে জানান প্রীতি ফুটবল ম্যাচের আয়োজক ও শিবচর উপজেলা বিএনপি’র সদস্য সচিব সোহেল রানা।
তিনি বলেন, ‘বিশ্বকাপ ফুটবল সরাসরি না দেখতে পারলেও দেশের মাটিতে নিজ এলাকায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের এক প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে বিশ্বকাপের আনন্দ উপভোগ করছি। পাশাপাশি উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই খেলা দেখে মুগ্ধ হয়েছে।’