কমোডের জেদি দাগ দূর করুন মাত্র ১৫ মিনিটে
ছবি: সংগৃহীত
ঘরের অন্যান্য কাজ করা হলেও টয়লেট পরিষ্কার করতে বেশিরভাগ মানুষের বিরক্তি লাগে। এই কাজে সময় যেমন বেশি লাগে, তেমনি প্রয়োজন পরিশ্রম। বাজারে বিভিন্ন টয়লেট ক্লিনার পাওয়া যায়। দাম তুলনামূলক বেশি হলেও এগুলো ঠিকমতো কাজ করে না। কমোডের জেদি দাগ থেকেই যায়। এই সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা রাখতে পারে ঘরে তৈরি ‘ফিজি টয়লেট বম্ব’।
বেকিং সোডা, ভিনেগার আর লেবুর মতো সাধারণ উপকরণ ব্যবহার করে মাত্র ১৫ মিনিটে তৈরি করা যায় ছোট্ট ক্লিনিং ট্যাবলেট। এটি টয়লেটের পানিতে ফেলার সঙ্গে সঙ্গেই ফেনা তৈরি করতে শুরু করে এবং নিমিষেই জমে থাকা ময়লা, দাগ ও হলদে ভাব দূর করে।
এই ট্যাবলেট বানাতে কী কী লাগবে?
- ১ কাপ বেকিং সোডা
- ১/৪ কাপ সাইট্রিক অ্যাসিড (অথবা লেবুর রস)
- ১/২ চা-চামচ সাদা ভিনিগার
- ১ টেবিল চামচ হাইড্রোজেন পার-অক্সাইড
- কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল
- সিলিকন মোল্ড বা আইস ট্রে
কীভাবে তৈরি করবেন?
আলাদা আলাদা দুটি মিশ্রণ তৈরি করুন। প্রথমে একটি বড় বাটিতে বেকিং সোডা আর সাইট্রিক অ্যাসিড ভালোভাবে মিশিয়ে নিন, যেন কোনো দলা না থাকে। যদি সাইট্রিক অ্যাসিড না পাওয়া যায়, তাহলে তার পরিবর্তে টাটকা লেবুর রস ব্যবহার করতে পারেন। অন্য একটি ছোট বাটিতে সাদা ভিনেগার এবং হাইড্রোজেন পার-অক্সাইড মিশিয়ে নিন।
এবার ছোট বাটির তরল মিশ্রণটি খুব ধীরে ধীরে বেকিং সোডার মিশ্রণের মধ্যে ঢালুন। একসঙ্গে বেশি পরিমাণে ঢালবেন না। তাহলে দ্রুত রাসায়নিক বিক্রিয়া শুরু হয়ে প্রচুর ফেনা তৈরি হতে পারে এবং মিশ্রণ বাটির বাইরে বেরিয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে ঢালুন এবং ক্রমাগত নাড়তে থাকুন।
সব উপকরণ ভালোভাবে মেশানো হলে তাতে কয়েক ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিন। ল্যাভেন্ডার ও ইউক্যালিপটাস তেলের সংমিশ্রণ এক্ষেত্রে বেশ কার্যকর। এবার মিশ্রণটি সিলিকন মোল্ড বা বরফ জমানোর ট্রেতে ভালোভাবে চেপে ভরে দিন। অন্তত ৬ ঘণ্টা কিংবা সারা রাত রেখে দিন। শুকিয়ে গেলে এগুলি শক্ত ট্যাবলেটের আকার নেবে।
কীভাবে ব্যবহার করবেন?
সম্পূর্ণ শুকিয়ে গেলে কিউবা ট্যাবলেটগুলো একটি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন। টয়লেট পরিষ্কার করার প্রয়োজন হলে একটি ট্যাবলেট কমোডের পানিতে ফেলে দিন। কিছুক্ষণের মধ্যেই এটি ফেনা তৈরি করবে এবং পরিষ্কারের কাজ শুরু করবে।
এই ঘরোয়া টোটকা কীভাবে কাজ করে?
বেকিং সোডা ও সাইট্রিক অ্যাসিড পানির সংস্পর্শে এসে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। ফলে দ্রুত ফেনা ও কার্বন ডাই-অক্সাইড গ্যাস তৈরি হয়। এই সক্রিয় ফেনা টয়লেটের গায়ে জমে থাকা ময়লা ও দাগকে আলগা করতে সাহায্য করে। পাশাপাশি ভিনেগার ও এসেনশিয়াল অয়েল দুর্গন্ধ কমাতে এবং টয়লেটকে সতেজ রাখতে সাহায্য করে। খুব বেশি ঘষাঘষির করার প্রয়োজন পড়ে না।