নিজেকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন : সমাজকল্যাণ মন্ত্রী
সংগৃহীত ছবি
চাকরির পেছনে না ঘুরে নিজেদের একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা দিনাজপুরের আয়োজনে জেলা সমাজসেবা কমপ্লেক্সে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বর্তমান সরকার অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনবল সৃষ্টি করে যাচ্ছে। আমরা মনে করি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূূল স্রোতধারায় সম্পৃক্ত করতে না পারলে দেশ পিছিয়ে থাকবে। তাই আপনাদের প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে হবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা ৪৯ জনকে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করেন।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক মো. আব্দুুল মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জেদান আল মুসা, বিভাগীয় সমাজসেবা কার্যালয় রংপুরের পরিচালক (উপ সচিব) মোছা. জিলুফা সুলতানা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বখতিয়ার আহমেদ কচি, সিভিল সার্জেন ডা. আসিফ ফেরদৌস। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আজম, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুনির হোসেন, শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম প্রমুখ।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসানসহ জেলা বিএনপির নেতারা, প্রশিক্ষণার্থীরা, সাংবাদিকরা ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।