বগুড়ায় নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
বগুড়ার ধুনটে নিখোঁজের একদিন পর বাঙ্গালি নদীতে ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। রবিবার (১৪জুন) সকালে উপজেলার বথুয়াবাড়ি সেতু নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মারজিয়া খাতুন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নবীনগর গ্রামের মিজানুর রহমানের মেয়ে।
জানা গেছে, গতকাল সকালে মারজিয়া খাতুন বাড়ির পাশে বাঙ্গালি নদীর দাবুর বাড়ির ঘাট এলাকায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল।
একপর্যায়ে সে নদীর পানিতে নামে। সাঁতার না জানায় নদীর প্রবল স্রোতে সে পানিতে তলিয়ে যায়। অন্য শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে খবর পেয়ে ধুনট উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ডুবুরি দল এনে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে ওই শিশুর সন্ধান করতে পারেনি।
এ অবস্থায় নিখোঁজ শিশুর স্বজনরা আজ সকাল থেকে নদীতে তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে ডুবে যাওয়া স্থান থেকে প্রায় ২ কিলোমিটার ভাটিতে বথুয়াবাড়ি সেতু নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।