বিশ্ব রক্তদাতা দিবসে দিনাজপুরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
সংগৃহীত ছবি
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়েছে। রবিবার বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র, দিনাজপুরের সার্বিক সহযোগিতায় সিভিল সার্জন কার্যালয় এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। হাসপাতালের দ্বিতীয় তলায় ব্লাড ব্যাংকের কক্ষে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল।
সরকারের স্বাস্থ্য ভাবনার প্রশংসা করে এডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে সবার দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। কেউ যেন মৌলিক স্বাস্থ্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে রক্তদানের মতো মানবিক কর্মসূচিগুলো আরও বেগবান করা প্রয়োজন।
সম্মানিত অতিথি সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস বলেন, অপারেশন থিয়েটার, সড়ক দুর্ঘটনা এবং বিভিন্ন দীর্ঘমেয়াদী বা ক্রনিক রোগের চিকিৎসায় রক্ত সঞ্চালন অত্যন্ত জরুরি। আমরা যদি স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে না আসি এবং অন্যকে উদ্বুদ্ধ না করি, তবে জরুরি মুহূর্তে রোগীর জীবন রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। প্রতি চার মাস পর পর সুস্থ ব্যক্তিরা রক্ত দিলে শরীরে কোনো ক্ষতি হয় না। উদাহরণ হিসেবে তিনি জানান, অনুষ্ঠানে উপস্থিত একজন রক্তদাতা ইতোমধ্যে ৪৩ বার রক্তদান করেছেন এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নুর আলম, দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের অফিসার খন্দকার সাইফুল ইসলাম, তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ল্যাব ইনচার্জ বিশ্বজিত কুমার রায়, রেড ক্রিসেন্টের উপ-যুব প্রধান-১ মো. মেহেদী হাসানসহ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের অন্যান্য যুব সদস্যবৃন্দ।