নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

প্রতিকি ছবি

 

তিন দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশালে এক অটোরিকশা চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) সকালে নগরীর কালিজিরা তেমাথা সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. নাজমুল মোল্লা (২২) নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণফুলিয়া-জাগুয়া এলাকার বাসিন্দা এবং আ. রশিদ মোল্লার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।

কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, গত ১৩ জুন অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হওয়ার পর নাজমুল আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে ১৪ জুন কোতোয়ালি মডেল থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তিনি বলেন, সোমবার সকাল প্রায় ৭টার দিকে স্থানীয় লোকজন কালিজিরা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

উদ্ধারকৃত মরদেহের নিচের অংশ একটি সাদা প্লাস্টিকের বস্তায় এবং উপরের অংশ লাল রঙের কাঁথায় মোড়ানো ছিল। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহটি নাজমুলের বলে শনাক্ত করেন।

ওসি আল মামুন উল ইসলাম আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে নাজমুলকে হত্যা করা হয়েছে। মরদেহের অবস্থা দেখে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে।

হত্যার পর মরদেহ বস্তায় ভরে কাঁথা দিয়ে পেঁচিয়ে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের অটোরিকশাটিও এখনও উদ্ধার করা যায়নি।

মরদেহের ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।