নরসিংদীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই হাসপাতালকে জরিমানা
ফাইল ছবি
নরসিংদীর মনোহরদীতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মান এবং ওষুধ সংরক্ষণ ব্যবস্থা তদারকিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে দুই হাসপাতালকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মনোহরদী পৌর এলাকার লাইফ কেয়ার হাসপাতাল ও রাজিব প্রাইভেট হাসপাতালে অভিযান চালানো হয়।
এ সময় হাসপাতাল দু’টির ফার্মেসি, অপারেশন থিয়েটার, প্যাথলজি বিভাগের যন্ত্রপাতি, রিএজেন্ট এবং সার্বিক পরিবেশ পরীক্ষা-নিরীক্ষা করা হয়। অভিযান কালে লাইফ কেয়ার হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সেখানে থাকা ওষুধ জব্দ করা হয়।
অন্যদিকে, রাজিব প্রাইভেট হাসপাতালের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। হাসপাতালটি থেকেও সংশ্লিষ্ট ওষুধ জব্দ করা হয়েছে।
অভিযান চলাকালে হাসপাতাল কর্তৃপক্ষকে স্বাস্থ্যসেবা কার্যক্রমে মানোন্নয়ন এবং প্যাথলজি বিভাগের পরিবেশ আধুনিক ও স্বাস্থ্যসম্মত করার নির্দেশনা দেওয়া হয়। এ সময় উভয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ভবিষ্যতে হাসপাতালের সেবার মান উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণের অঙ্গীকার করেন।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নরসিংদী জেলা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা।
এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি মো. সজিব মিয়া বলেন, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।