নাটোরের দুই বিদেশিকে হেনস্তার ঘটনায় যুবক গ্রেপ্তার
ছবিঃ সংগৃহীত।
নাটোরের লালপুরে গ্রিন ভ্যালি পার্কে দুই বিদেশি পর্যটককে হেনস্তার ঘটনায় করা মামলায় টিকটকার মো.আকাশকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে লালপুর উপজেলা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
গ্রেপ্তার আকাশের বাড়ি রাজশাহীর সিরোইল কলোনি এলাকায়। তিনি এই মামলার মূল আসামি।
লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, গত ৮ মে গ্রিন ভ্যালি পার্কে ‘টিকটক বন্ধু মেলা-২০২৬’ নামে এক অনুষ্ঠানের আয়োজন করেন টিকটকাররা। এ আয়োজন বিভিন্ন এলাকার টিকটকাররা অংশ নেন। ওইদিন বিকালে ২ বিদেশি পর্যটক ঘুরতে আসেন পার্কে। এসময় ১০-১৫ জন টিকটকার তাদের পথরোধ করে অশ্লীল ইংরেজি ভাষা বললে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তারা। এ ভিডিও টিকটকাররা তাদের ফেসবুকে পোস্ট করলে সমালোচনার ঝড় উঠে। এ ঘটনায় গত ৯ মে লালপুর থানায় মামলা করেন পার্কের ম্যানেজার এস এম ওয়াজেদুর রহমান। অভিযান চালিয়ে পরেরদিন দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর ওই দুই বিদেশি পর্যটককে ঘিরে ধরে বলছেন, ‘তুমি পর্ন স্টার, তুমি মিয়া খলিফার স্বামী না।’
ওসি শফিকুল বলেছেন, ‘ এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।’