খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু
ছবিঃ সংগৃহীত।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সুপন চাকমা (৩৫) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার গচ্ছাবিলের রেজুর দোকান এলাকার একটি গ্রামীণ সরু পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ পারভেজ।
নিহত সুপন চাকমা পানছড়ি উপজেলার বাসিন্দা। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পদক্ষেপ এনজিও’র মানিকছড়ি শাখায় ফিল্ড কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, পেশাগত দায়িত্ব পালনকালে গচ্ছাবিলের রেজুর দোকান সংলগ্ন গ্রামীণ সড়ক দিয়ে যাওয়ার সময় সুপন চাকমার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় তিনি ছিটকে সড়কের পাশের গভীর খাদে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ পারভেজ জানান, খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইনি আনুষ্ঠানিকতা শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।