চাঁদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ে মতবিনিময় সভা

চাঁদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ে মতবিনিময় সভা

সংগৃহীত ছবি

ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে আরও সম্প্রসারণের লক্ষ্যে চাঁদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পূবালী ব্যাংক পিএলসির নতুন বাজার শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

শহরের মীর শপিং কমপ্লেক্সে ‘স্মার্ট লেনদেন, স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের কুমিল্লা অঞ্চল প্রধান (আরএম) মাইনুল ইসলাম।

তিনি বলেন, তথ্য ও প্রযুক্তির দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের অনেক দেশের চেয়ে পিছিয়ে। তারপরও সরকার চেষ্টা করছে গ্রাহকদের সেবা বৃদ্ধি ও ব্যাংকগুলোকে এগিয়ে নিতে। বিশেষ করে স্মার্ট লেনদেন নিয়ে এখন কাজ চলছে। পূবালী ব্যাংক এই কাজটি অগ্রভাগে শুরু করেছে। ক্যাশলেস লেনদেন গ্রাহকদের জন্য অনেক সুবিধা নিয়ে আসছে। পর্যায়ক্রমে এটি সবগুলো ব্যাংকে চালু হবে।

তিনি আরো বলেন, ক্যাশলেস ব্যাংকিং একজন গ্রাহকের সময় ও নিরাপত্তা নিশ্চিত করবে। ঘরে বসেই লেনদেন করতে পারবে। সরকার প্রতিবছর কাগজের টাকা ছাপাতে ২০ হাজার কোটি টাকা ব্যয় করে। ক্যাশলেস পদ্ধতি চালু হলে এই টাকা সরকারের অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যয় করতে পারবে।

পূবালী ব্যাংক পিএলসি নতুন বাজার শাখা প্রধান রাসেল আহম্মদের সভাপতিত্বে এবং ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার কামরুল ইসলাম পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রধান শাখার এজিএম বিউটি দাস, মীর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক জাকির হোসেন।  

বক্তারা বলেন, ক্যাশলেস লেনদেন অর্থ লেনদেনকে আরও নিরাপদ, স্বচ্ছ ও দ্রুত করা। এতে মোবাইল ব্যাংকিং, ডেবিট-ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং ও বাংলা কিউআরের মাধ্যমে সহজেই ডিজিটাল পেমেন্ট করা সম্ভব। ডিজিটাল লেনদেন খুচরা টাকার ঝামেলা ও নগদ অর্থ ব্যবস্থাপনার খরচ কমানোর পাশাপাশি জাল নোট ও কালো টাকার বিস্তার রোধেও সহায়ক।

এর আগে ব্যাংকের নতুন বাজার শাখা থেকে একটি র‌্যালি বের হয়ে জেএম সেনগুপ্ত রোড হয়ে মীর শপিং কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। সবশেষে জোড়পুকুর পাড়ে ক্যাশলেস লেনদেন সম্পর্কিত তিন দিনব্যাপী ক্যাম্পেইন কার্যক্রম ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্য কর্মকর্তারা। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক, ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন।