মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসীর স্ত্রীর

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসীর স্ত্রীর

ছবিঃ সংগৃহীত।

মুন্সীগঞ্জে মোটরসাইকেলে করে ভাইয়ের বিয়ের মার্কেট করতে যাওয়ার পথে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন সৌদি প্রবাসীর স্ত্রী খাদিজা আক্তার (১৫)। এ ঘটনায় তার ভাই জাফর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টার দিকে ঢাকার শ্যামলী এলাকায় একটি হাসপাতালে মৃত্যু হয় তার। পরে আজ বুধবার সকাল দশটার দিকে কাঠাদিয়া ঈদগাহ মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত খাদিজা আক্তার টংগিবাড়ী উপজেলার ধিপুর ইউনিয়নের লাখাড়ন আনন্দবাজার গ্রামের আবুল খায়ের মুন্সির মেয়ে ও কাঠাদিয়া শিমুলিয়া এলাকার সৌদি আরব প্রবাসী ফয়সালের স্ত্রী। ১ বছর আগে এই দম্পতির বিয়ে হয়।

নিহতের চাচাতো বোন বৃষ্টি আক্তার জানান, আগামী শুক্রবার (১৯ জুন) সদর উপজেলার পানহাটা এলাকার এক মেয়ের সাথে খাদিজার ভাই দুবাই প্রবাসী জাফরের বিয়ের দিন ধার্য ছিলো। তাই সোমবার দুপুরে ভাই জাফর মোটরসাইকেলে করে বোন খাদিজা ও আরেক বড় ভাইয়ের স্ত্রী ফারজানা আক্তারকে নিয়ে মুন্সিগঞ্জ শহরের দিকে রওনা হয়। পথে সদর উপজেলার মদিনাবাজার এলাকায় একটি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এসময় ৩ জনই গুরুতর আহত হন।

তিনি বলেন, ‘পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকায় নিয়ে গেলে চিকিৎসাধীর থাকার পর গতকাল রাতে খাদিজা মারা যান। ভাই জাফরের অবস্থাও আশঙ্কাজনক।’