ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে ভেকু (এক্সকাভেটর) মেশিন ব্যবহার করে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নরসিংসার গ্রামে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন। অভিযানে মো. বাবুল মিয়া (৬০) ও মো. ইলিয়াস ফারুকী (৫৫)-কে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জরিমানাপ্রাপ্ত বাবুল মিয়া নরসিংসার গ্রামের আব্দুল কাদিরের ছেলে এবং ইলিয়াস ফারুকী একই গ্রামের মরহুম মাওলানা নুরুল ইসলামের ছেলে

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় এ দণ্ড প্রদান করা হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫(১) ধারা অনুযায়ী মো. বাবুল মিয়া ও মো. ইলিয়াস ফারুকীকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।