নারায়নগঞ্জের সোনারগাঁয়ে শপিংমলে আগুন
প্রতীকী ছবি।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল মদিনা নামক একটি শপিংমলে আগুনের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস ধারণা করছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত শপিংমলটিতে আগুন লাগে।
জানা গেছে, শপিংমলটির নিচতলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ আগুন ধরে যায়। এতে মুহূর্তেই আগুনের ধোঁয়া পুরো শপিংমলে ছড়িয়ে গিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। আগুনে বেজমেন্টে থাকা বৈদ্যুতিক মিটার ও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যায়। একপর্যায়ে স্থানীয়রা সোনারগাঁ ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন দোকান মালিক ভিন্ন অভিযোগ তুলেছেন। তাদের দাবি, ‘মালিকপক্ষ থেকে সম্প্রতি দোকান ছাড়ার জন্য কিছু ব্যবসায়ীকে নোটিশ দেওয়া হয়েছিল। যার জন্যই এই নাটকের সূত্র।’
গোলজার হোসেন নামক এক ব্যবসায়ীর দাবি, দোকান ছাড়া আর রাখার আলোচনার মধ্যেই আগুন লাগার ঘটনায় তাদের সন্দেহ তৈরি হয়েছে। মূলত ব্যবসায়ীদের মার্কেট থেকে উচ্ছেদের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মালিকপক্ষ আগুন লাগাতে পারে।
এ বিষয়ে শপিংমলের মালিক মাজারুল ইসলাম নবীকে একাধিকবার ফোন করা সত্ত্বেও তিনি কল রিসিভ করেননি।
সোনারগাঁ ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা জাহিদ চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে শপিংমলের বেজমেন্টে থাকা বৈদ্যুতিক মিটার ও অন্যান্য ইলেকট্রিক সরঞ্জাম পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।