টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী যুবক নিহত
ফাইল ছবি
টঙ্গী বাজার থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মো. ইমন (২৪) নামে শারীরিক প্রতিবন্ধী এক যুবকের।
বুধবার (১৭ জুন) সে সড়ক দুর্ঘটনায় আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যান। সংবাদ পেয়ে উত্তরা পূর্ব থানা পুলিশ, তাকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে পৌনে চারটায় তার মৃত্যু হয়।
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের চাচা নাজিম উদ্দীন জানিয়েছেন, ইমন শারীরিক প্রতিবন্ধী। সে ভোলা জেলার তমিজউদ্দিন উপজেলার ২ নম্বর ওয়ার্ডের মৃত শহিদ উদ্দিনের ছেলে।
তিনি বলেন, ইমন আমার সাথে টঙ্গী বাজার এলাকায় বাসায় থাকতো। আমার বাজারে একটি দোকান রয়েছে। সে দুপুরে আমার জন্য বাসা থেকে খাবার নিয়ে আসতো। মাঝে মধ্যে আমার সাথে দোকানে বসতো। এছাড়া সে মসজিদে নামাজ পড়তে বের হতো।
তিনি আরও বলেন, গত বুধবার দুপুর একটার দিকে দোকান থেকে বের হওয়ার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিলো না। আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে মানুষের মাধ্যমে সংবাদ পাই। উত্তরা পূর্ব থানায় যোগাযোগ করে জানতে পারি সে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। পরে সেখানে গিয়ে তাকে পাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে সে মারা যায়। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়।