ইরান চুক্তির সময়সীমা শুরু: জেডি ভ্যান্স
জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানি নেতাদের মধ্যে অনুমোদিত সমঝোতা স্মারকে (এমওইউ) উল্লেখিত ৬০ দিনের সময়সীমা বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স বলেন, ‘আমি বলবো, ৬০ দিনের এই সময়কাল আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।’
তবে ৬০ দিনের এই সময়সীমার মধ্যে উভয় পক্ষের কাছ থেকে কী ধরনের পদক্ষেপ প্রত্যাশা করা হচ্ছে, সে বিষয়ে ভ্যান্স বিস্তারিত কিছু জানাননি।
হরমুজ প্রণালির ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে এই সময়সীমা শেষে কী হবে—এমন প্রশ্নের জবাবে ভ্যান্স যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, তেল ও গ্যাস সরবরাহের এই গুরুত্বপূর্ণ নৌপথে কোনো ধরনের টোল থাকা উচিত নয়। যুদ্ধ চলাকালে ইরান কার্যত এই জলপথ বন্ধ করে দিয়েছিল।
ভ্যান্স আরও বলেন, “চূড়ান্ত আলোচনায় পরবর্তী পরিস্থিতির শর্ত নির্ধারণ করা হবে।”
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের নেতাদের স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তিতে জটিলতম বিষয়গুলো পরবর্তী ধাপের আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে, যার সমাধান আদৌ হবে কি না, তারও কোনো নিশ্চয়তা নেই।
অধিকাংশ বিশ্লেষকের ধারণা, সমঝোতা স্মারকে নির্ধারিত ৬০ দিনের মধ্যে দুই পক্ষের পক্ষে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো কঠিন হবে।
সূত্র: রয়টার্স