৩-০ ব্যবধানে জয়ের কথা ম্যাচের আগেই বলেছিলেন মেসি
সংগৃহীত
বিশ্বকাপে দুর্দান্ত শুরু পেয়েছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে দলকে জিতিয়েছেন কিংবদন্তি স্ট্রাইকার লিওনেল মেসি। বিপরীতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হজম করতে হয়নি একটি গোলও। তবে ম্যাচের আগেই নাকি এমন স্কোরলাইনের কথা বলেছিলেন মেসি, জানালেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো।
বিশ্বকাপে ম্যাচের আগে স্কোরলাইন নিয়ে নানা অনুমান করা হয়। তবে সেই অনুমান হুবহু মিলে গেলে সেটি কাকতালীয় বলেই মনে হয়। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে ঠিক এমনই এক ঘটনা ঘটেছে। ম্যাচ শুরুর আগেই ৩-০ ব্যবধানে জয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন লিওনেল মেসি। পরে সেই স্কোরলাইনেই জিতেছে আর্জেন্টিনা। এমনটাই জানিয়েছেন দলটির ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো।
ম্যাচ শেষে আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো মেসির ভবিষ্যদ্বাণীর গল্প শোনান। হাসতে হাসতে তিনি বলেন, ‘মজার ব্যাপার হলো, মেসি এই ব্যবধানেই জিততে চেয়েছিল। কারণ ম্যাচের আগে সে ৩-০ স্কোরলাইনের কথাই বলেছিল।’
গত ১৭ জুন ভোরে যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিতে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের তিনটি গোলই করেছেন মেসি। পেয়েছেন বিশ্বকাপ ক্যারিয়ারে নিজের প্রথম হ্যাটট্রিকের দেখা। শুধু তাই নয়, এই ৩ গোলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজার ১৬ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
৩৯ বছর বয়সের দোরগোড়ায় থাকা মেসি এ ম্যাচে দেশের জার্সিতে ২০০ ম্যাচ খেলার মাইলফলকও স্পর্শ করেছেন। আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি আগেই ছিলেন, এই ম্যাচের পর তার আন্তর্জাতিক গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২০-এ। পাশাপাশি প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপ খেলার কীর্তি গড়েন তিনি, পরে যে রেকর্ডে তার সঙ্গী হন ক্রিস্টিয়ানো রোনালদো।