কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত
প্রতিকি ছবি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বন্ধুকে ‘আব্বা’ ডাকতে বলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে ইমন নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে শুভাঢ্যা ইউনিয়নের খেজুরবাগ সাতপাখি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত আরাফাত হোসেন রবিউলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইমন ও তাঁর বন্ধু আরাফাত হোসেন রবিউল (২৫) নদীপথে ঢাকার সদরঘাট এলাকায় ঘুরতে যান।
ঘোরাঘুরি শেষে নৌকাযোগে নিজ এলাকায় ফেরার পথে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এলাকায় ফিরে রবিউল ইমনকে ছুরিকাঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ইমনকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।
নিহত ইমনের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায়। অভিযুক্ত রবিউলও একই এলাকার বাসিন্দা। ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে আটক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল দাবি করেছেন, সদরঘাট থেকে ফেরার পথে ইমন মজা করে তাকে ৫০০ টাকার বিনিময়ে ‘আব্বা’ বলে ডাকতে বলেন।
এ বিষয়টি নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। পরে সেই বিরোধের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, অভিযুক্ত রবিউল থানার হেফাজতে রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।