লালমনিরহাটে বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেফতার
প্রতিকি ছবি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্য সচিব মোমছেদুল খান বুলবুলকে(৩৫) ডাকাতি, অপহরণ এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লুটের মামলায় গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন(র্যাব)। শুক্রবার (১৯ জুন) তাকে গ্রেফতারের পর পুলিশেরে কাছে হস্তান্তর করা হয়।
গ্রেফতার মোমছেদুল কালীগঞ্জ উপজেলার উত্তর মুশরাত মদাতী এলাকার মো. রকিবুল খানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি রাতে চাপারহাট বাজার থেকে মোটরসাইকেল করে বাসায় যাচ্ছিল মো. রবিউল ইসলাম (৩০)।
চাপারহাট-ভূল্যারহাটগামী আঞ্চলিক সড়কের গুরুদয়াল চৌপথি মোড়ে আসার পর মোমছেদুল খান বুলবুল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করে। পরে তাকে বুলবুলের মালিকানাধীন একটি মুরগির খামারে নিয়ে যায়। সেখানে ভোররাত পর্যন্ত আটকে রেখে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। একপর্যায়ে আসামিরা বাদীর সঙ্গে থাকা নগদ ৩ লাখ ৪ হাজার টাকা এবং ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়।
এছাড়া প্রাণনাশের হুমকি দিয়ে তাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে জোরপূর্বক ধাপে ধাপে সর্বমোট ৮ লাখ ২৪ হাজার ১০৭ টাকা স্থানান্তর করে নেয়। পরদিন ভোরে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় গত ৩ এপ্রিল বুলবুলকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করে আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই অভিযুক্ত বুলবুল পলাতক ছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, বুলবুলের বিরুদ্ধে লালমনিরহাটের কালীগঞ্জ, হাতীবান্ধা এবং সদর থানায় ডাকাতি, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি, গুরুতর আঘাত ও মারামারিসহ অন্তত ১১টি মামলা রয়েছে। এরমধ্যে বেশ কয়েকটি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। অন্যদিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু সিদ্দিক বলেন, গ্রেফতারের পর বুলবুলকে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্তের স্বার্থে তার রিমান্ড চাওয়া হয়েছে বলেও জানান তিনি।