মসজিদ থেকে চুরি হওয়া টাকাসহ গ্রেফতার ২

মসজিদ থেকে চুরি হওয়া টাকাসহ গ্রেফতার ২

প্রতিকি ছবি

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকায় একটি জামে মসজিদের অফিস কক্ষ থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের ইমাম তামজিদ রহমান অফিস কক্ষে ২ লাখ ২০ হাজার টাকা রেখে যাওয়ার পর আসরের নামাজ শেষে ওই কক্ষে গিয়ে টাকা না পেয়ে সিসিটিভি ফুটেজ দেখে চুরির বিষয়ে নিশ্চিত হন। এ ঘটনায় রাত সাড়ে ৯টার দিকে মসজিদের ইমাম সদরঘাট থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগ পেয়ে সদরঘাট থানা পুলিশ ফুটেজ বিশ্লেষণ করে চুরির সঙ্গে জড়িত আরিফ (৩৬) নামে এক ব্যক্তিকে শনাক্ত করে। পরে হালিশহর ঈদগাহ বরফকল এলাকার সোনা শাহ মাজার সংলগ্ন শফি সওদাগরের বাড়িতে অভিযান চালিয়ে আরিফকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১ লাখ ২৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির ঘটনায় জড়িত মো. সুমন (৩৬) নামের আরেক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে চুরির আরও ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।

সদরঘাট থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, মসজিদের টাকা চুরির অভিযোগ পাওয়ার পরপরই সিসিটিভি ফুটেজ দেখে আসামি শনাক্ত ও আটক করা হয়। দুই আসামির কাছ থেকে ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।