মুন্সীগঞ্জে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ জেলা প্রশাসকের
সংগৃহীত ছবি
চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং সরকারি সেবার মানোন্নয়নের লক্ষ্যে মুন্সীগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় গত মে ২০২৬ মাসে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিভিন্ন দপ্তরের প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম ও চলমান প্রকল্পের সর্বশেষ অগ্রগতির তথ্য উপস্থাপন করেন। সে অনুযায়ী প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী সংশ্লিষ্ট সব দপ্তরকে নির্ধারিত সময়সীমার মধ্যে উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
জেলা প্রশাসক আরও বলেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের গতি বাড়াতে হবে, সরকারি সেবার মান উন্নত করতে হবে এবং জনসাধারণের ভোগান্তি কমাতে আন্তঃদপ্তর সমন্বয় আরও জোরদার করতে হবে। একই সঙ্গে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নিয়মিত তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম ও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।