নওগাঁয় চীনা পর্যটককে হেনস্তা, টিকটকার ‘হিরো নানা’ আটক
প্রতিকি ছবি
নওগাঁর বদলগাছীতে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তার ঘটনায় এক টিকটকারকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। সোমবার (২২ জুন) দুপুরে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক টিকটকারের নাম আব্দুল মাবুদ। তিনি জয়পুরহাট জেলার চণ্ডিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়দের কাছে তিনি ‘হিরো নানা’ নামে পরিচিত।
জানা যায়, সপ্তাহখানেক আগে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার এক চীনা নাগরিক পরিদর্শনে আসেন। পাহাড়পুরে অবস্থানকালে আটক আব্দুল মাবুদ ওরফে হিরো নানা ওই বিদেশি পর্যটককে নানাভাবে হেনস্তা করেন এবং তার অনুমতি ছাড়াই ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা দ্রুত ভাইরাল হয় এবং বিষয়টি নিয়ে সচেতন মহলে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চীনা ওই পর্যটককে আটকে আব্দুল মাবুদ প্রশ্ন করছেন, বাংলা ভাষা যে কঠিনের কঠিন, কিচ্ছু বোঝে না। আচ্ছা বিয়া শাদি করেননি, খালি হাসে। বাচ্চা কয়টা, তা-ও হাসে। বাসা কোথায়, গালামুনা কিরে, শোনেন আমার এই ছলটাকে একটু গালাও তো।
এরপর তাকে গালাগাল করে ও মা কিচ্ছু বোঝে না বলতে শোনা যায়।
পাহাড়পুর ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) মেসবাহুল হক বলেন, বিষয়টি ট্যুরিস্ট পুলিশ পাহাড়পুর বৌদ্ধবিহার ইউনিটের নজরে আসলে দ্রুত অভিযানে নামে পুলিশ। দেশের ভাবমূর্তি রক্ষা এবং বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত তৎপরতার সঙ্গে মূল অভিযুক্ত আব্দুল মাবুদকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে বদলগাছী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁর গর্ব এবং বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। এখানে আগত যেকোনো বিদেশি পর্যটককে কেউ হেনস্তা করলে তার বিরুদ্ধে জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।