ইনস্টাগ্রামে পরিচয়ের সূত্র ধরে কিশোরীকে ব্ল্যাকমেইল, গ্রেফতার ৩

ইনস্টাগ্রামে পরিচয়ের সূত্র ধরে কিশোরীকে ব্ল্যাকমেইল, গ্রেফতার ৩

ফাইল ছবি

ইনস্টাগ্রামে পরিচয়ের সূত্র ধরে এক কিশোরীকে ব্ল্যাকমেইল করে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মূল অভিযুক্ত, স্বর্ণ বিক্রিতে সহযোগী এবং একজন স্বর্ণ ব্যবসায়ী।

 

মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো মেনহাজুল আলম। 

ব্রিফিংয়ে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বয়স ১৫ বছর। প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা ফেরদৌস আলম হামিম (১৯)-এর সঙ্গে কিশোরীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। সেই সুযোগ কাজে লাগিয়ে হামিম ও তার সহযোগীরা বিভিন্নভাবে ভয়ভীতি ও ব্ল্যাকমেইল করে কিশোরীর কাছ থেকে টাকা দাবি করতে থাকে।

জানা যায়, নিজের কাছে টাকা না থাকায় কিশোরী পরিবারের গচ্ছিত স্বর্ণালংকার বিক্রি করে অভিযুক্তের কাছে নগদ ও বিকাশের মাধ্যমে অর্থ পাঠায়। পরবর্তীতে আরও অর্থের জন্য চাপ দেওয়া হলে সে পুনরায় স্বর্ণ বিক্রির সিদ্ধান্ত নেয়। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুন্সীগঞ্জের চরকেওয়ার এলাকার মো. হোসেন শাওন তাজ সরকার ওরফে বাবুর (২০) সহযোগিতা নেয়। বাবু কিশোরীর কাছ থেকে স্বর্ণালংকার নিয়ে নামমাত্র মূল্য পরিশোধ করেন এবং পরে সেগুলো মুন্সীগঞ্জ শহরের শৈলী স্বর্ণ শিল্পালয়ের স্বত্বাধিকারী সুধাংশ মুখার্জীর (৪৬) কাছে বিক্রি করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে সুধাংশ মুখার্জী জানান, তিনি স্বর্ণগুলো গলিয়ে অন্যত্র বিক্রি করেছেন।

আরও জানানো হয়, গত ২২ জুন বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার খালইস্ট এলাকা থেকে মো. হোসেন শাওন তাজ সরকার বাবুকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণ ব্যবসায়ী সুধাংশ মুখার্জীকে তার দোকান থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একই দিন রাত ১১টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা এলাকা থেকে মূল অভিযুক্ত ফেরদৌস আলম হামিমকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেপ্তারের সময় হামিমের ব্যবহৃত একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব আলামত তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।