বগুড়ায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি গ্রেফতার

বগুড়ায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি গ্রেফতার

সংগৃহীত

বগুড়ায় গ্রেফতার হলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও বাগেরহাট সরকারি ম্যাটসের ইন্সট্রাক্টর ডা. সামির হোসেন মিশুকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জুলাই গণঅভ্যুত্থানের হত্যাচেষ্টা মামলার আসামি।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে জেলার শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকার হোটেল মকটেলে জন্মদিনের অনুষ্ঠান থেকে ডা. মিশুকে গ্রেফতার করা হয়। নেওয়া হয় বগুড়া সদর থানায়।

ডা. সামির হোসেন মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত ডা. সাফদার হোসেনের ছেলে ও বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিলেন।

পুলিশ জানায়, রাতে হোটেল মকটেলে স্বপন নামের এক চিকিৎসক বন্ধুর জন্মদিন অনুষ্ঠানে যোগ দেন ডা. মিশু। সেখানে স্থানীয় একটি মহল মকটেলে ডা. মিশুর উপস্থিতি টের পেলে উত্তেজনা তৈরি হয়। 

খবর পেয়ে পুলিশ ডা. মিশুকে উদ্ধার করে শেরপুর থানায় নিয়ে আসে। পরে বগুড়া সদর থানায় জুলাই গণঅভ্যুত্থানে হত্যাচেষ্টার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

শেরপুর থানা পুলিশের ওসি এস এম মঈনুদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বগুড়া সদর থানার একটি মামলার ভিত্তিতে ডা. মিশুকে আটক করে থানায় আনার পর জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। রাতেই আইনি প্রক্রিয়া মেনে তাকে সদর থানায় পাঠানো হয়েছে।