২০ দিনে করুণ অবস্থা, মাথা ঘোরাতে পারছিলেন না সনু নিগম
ফাইল ফটো
দিন কয়েক আগে সামাজিক মাধ্যমে নিজের অসুস্থতার খবর দেন জনপ্রিয় গায়ক সনু নিগম। এরপর থেকেই উদ্বিগ্ন তার শুভাকাঙ্ক্ষীরা। কামনা করছিলেন গায়কের সুস্থতা। কিন্তু গত বিশ দিনে পরিস্থিতি আরও খারাপ হয়। মাথা ঘোরানোর শক্তি পর্যন্ত হারান সনু। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
চলুন জানা যাক, কী হয়েছিল সনুর সঙ্গে? স্নায়ু রোগে আক্রান্ত হন তিনি। সমাধানে সর্বক্ষণ চিকিৎসকের অধীনে থাকতে হয় গায়ককে। স্ক্যান, ওষুধপত্র ও নিয়মিত ফিজিওথেরাপির মধ্য দিয়ে যেতে হয়। সেখানেই বাঁধে বিপত্তি।
সনু জানান ওই চিকিৎসা ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। আরোগ্য লাভের লক্ষণও মিলছিল না। উল্টো গেল ২০ দিনে মারাত্মক শারীরিক অবনতি ঘটে তার। সামজিক মাধ্যমে তার বর্ণনা দিয়েছেন জনপ্রিয় এ গায়ক।
তার কথায়, ‘গত ২০ দিনে অবস্থা আরও খারাপ হয়ে যায়। হয়তো শারীরচর্চা করার সময় টান লেগেছে স্নায়ুতে কিংবা শোয়ার দোষে হয়তো এক কাঁধে শুতে শুতেও টান লাগতে পারে । এর ফলে যন্ত্রণা বাড়তে থাকে। মাথা কিংবা কাঁধ কিছু ঘোরাতে পারছিলাম না।’
শারীরিক অসুস্থতা নিয়েই দিল্লীতে এক অনুষ্ঠানে যান সনু। সেখানে ‘চালবাজ়’ ছবির পরিচালক পঙ্কজ পরাশরের সঙ্গে দেখা হয় তার। তিনি সন্ধান দেন এক চিকিৎসকের। ভারতের বড় বড় ক্রিকেট তারকারা তার চিকিৎসা নেন। সনুও শরণাপন্ন হন।
এবার যেন নিস্তার মেলে। দিনে দুইবার আড়াই ঘণ্টা করে চিকিৎসা নিতে থাকেন সনু। সহসাই বোধ করতে থাকেন আরাম। নিজ পায়ে দাঁড়ানোর শক্তিও ফিরে পান গায়ক। জানিয়েছেন শিগগিরই মুম্বাই ফিরবেন।
শুরুতে অসুস্থতার কথা জানিয়ে এক ভিডিওবার্তা দিয়েছিলেন সনু। সেখানে তার গলায় ব্যান্ডেজ দেখা যাচ্ছিল। গায়ক বলেছিলেন, ‘আমার স্নায়ুগুলো যেন চিমটি কাটছে, এত যন্ত্রণা হচ্ছে। এক সপ্তাহ ধরে এমআরআই আর সিটি স্ক্যান করাচ্ছি। অনেক ওষুধও খাচ্ছি।’’ দিল্লীতে দেখা পাওয়া চিকিৎসকের ছোঁয়ায় সেসব শারীরিক সমস্যা থেকে মুক্তি মিলল গায়কের।